Sunday, October 18, 2026
Homeসংবাদ ও প্রেস বিজ্ঞপ্তিপ্রেস রিলিজসৌদি আরবে বাংলাদেশি নাগরিকদের মৃত্যুদন্ডের ঘটনায় সরকারের নতজানু ভূমিকার ক্ষোভ জানিয়েছে বাসদ...

সৌদি আরবে বাংলাদেশি নাগরিকদের মৃত্যুদন্ডের ঘটনায় সরকারের নতজানু ভূমিকার ক্ষোভ জানিয়েছে বাসদ (মার্কসবাদী)

সৌদি আরবে বাংলাদেশি নাগরিকদের মৃত্যুদণ্ড কার্যকর এবং এ ঘটনায় সরকারের নতজানু ভূমিকার তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে বাসদ (মার্কসবাদী)

বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সমন্বয়ক কমরেড মাসুদ রানা সৌদি আরবে দুইজন বাংলাদেশি নরনারীর মৃত্যুদণ্ড কার্যকরের সংবাদে তীব্র ক্ষোভ প্রকাশ করে এ ঘটনার প্রতিক্রিয়ায় বাংলাদেশ সরকারের অবস্থানকে ‘চূড়ান্ত নতজানু ও অমর্যাদাকর’ বলে অভিহিত করেছেন।
কমরেড মাসুদ রানা আজ ১৮ অক্টোবর,২০২৬ গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে বলেন,“সৌদি আরব সম্প্রতি দুইজন বাংলাদেশি নরনারীকে মসজিদে কথিত ‘অনৈতিক কাজ’ এর অভিযোগে মৃত্যুদণ্ড কার্যকর করেছে। সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত বিবৃতিতে ‘অনৈতিক কর্মকাণ্ড’ এর কোনো ব্যাখ্যা নেই, দুই বাংলাদেশি আদৌ কোনো নিরপেক্ষ আইনি সুরক্ষা, আইনজীবী নিয়োগ কিংবা আত্মপক্ষ সমর্থনের সুযোগ পেয়েছেন কিনা, কবে গ্রেপ্তার করা হয়েছিল বা তারা কতদিন ধরে আইনি হেফাজতে ছিলেন, তার কোনো কিছুই স্পষ্ট করেনি। এমনকি আন্তর্জাতিক কূটনৈতিক প্রটোকলকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এ দুই বাংলাদেশিকে গ্রেপ্তার, তাঁদের বিচার প্রক্রিয়া ও মৃত্যুদণ্ড কার্যকরের পূর্বে বা পরে বাংলাদেশ সরকার বা ওই নাগরিকদের পরিবারকে সৌদি সরকার আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি। এটি ১৯৬৩ সালের কনস্যুলার সম্পর্ক বিষয়ক ভিয়েনা কনভেনশনের স্পষ্ট লঙ্ঘন। আন্তর্জাতিক প্রটোকল নিশ্চিত করতে ব্যর্থতার জন্য বাংলাদেশ সরকারের পক্ষ হতে সৌদি সরকারের নিকট কোন কড়া কূটনৈতিক প্রতিবাদ বা নিন্দা জানানো ছিল ন্যূনতম দায়িত্ব।
অথচ বাংলাদেশ সরকার এখন পর্যন্ত সেরকম কোনো পদক্ষেপ গ্রহণ করেনি, যা সরকারের মেরুদণ্ডহীন নতজানু পররাষ্ট্রনীতিরই প্রতিফলন, যা পুরো বাংলাদেশের জন্যই অমর্যাদাকর।
সৌদি আদালতে কিছুদিন ধরে বাংলাদেশের দুজন নাগরিকের বিচার, মৃত্যুদণ্ডের রায় ও সে রায় কার্যকরও হয়ে যাওয়ার পরও, কেন বাংলাদেশি দূতাবাস নিজেরা কিছু জানতে ব্যর্থ হলেন, তারও তদন্ত হওয়া প্রয়োজন। এধরণের কোনো উদ্যোগ না নিয়ে উল্টো দেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী এ ঘটনা থেকে প্রবাসী বাংলাদেশিদের ‘শিক্ষা’ নিতে উপদেশ বিতরণ করেছেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্বজ্ঞানহীন বক্তব্য নিহতদের পরিবারের সাথে নিষ্ঠুর উপহাসের সামিল এবং প্রবাসীদের জীবনের সুরক্ষা ও বিচার পাওয়ার অধিকার নিশ্চিতে সরকারের ব্যর্থতা আড়াল করারই অপপ্রয়াস।”
তিনি আরো বলেন,“সৌদি সরকার তাদের বিবৃতিতে ‘ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং ধর্মীয় পবিত্রতা লঙ্ঘনকারীদের বিরুদ্ধে শরিয়াহ্ আইন কার্যকর করার বিষয়ে সরকারের দৃঢ অবস্থান’ ব্যক্ত করেছে। অথচ সৌদি আরবে বাংলাদেশি অভিবাসী নারী শ্রমিকদের ওপর নির্মম শারীরিক-যৌন নির্যাতন, ধর্ষণ, জোর করে আটক রাখা, বেতন না দেওয়াসহ অসংখ্য ভয়াবহ অভিযোগ দীর্ঘদিন ধরে উঠে আসলেও, এ ক্ষেত্রে সৌদি সরকারকে তাদের কথিত ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে আমরা দেখিনা। প্রবাসী নারী কর্মীদের ওপর ঘটে যাওয়া এসব পাশবিক ঘটনার বিচার বা প্রতিকারে সৌদি কর্তৃপক্ষ কখনোই কঠোর পদক্ষেপ নেয়নি; বরং অপরাধীদের আড়াল করতেই সদা তৎপর থেকেছে। বিদেশে প্রবাসী বাংলাদেশিদের জীবনের সুরক্ষা ও বিচার পাওয়ার অধিকার নিশ্চিত না করে, এসব মর্মান্তিক মৃত্যুর ঘটনায় বাংলাদেশ সরকার কখনোই সুষ্ঠু তদন্তের জোর দাবি জানায়নি কিংবা শক্ত কূটনৈতিক পদক্ষেপ নেয়নি।”
তিনি আরো বলেন,”প্রবাসী শ্রমিকদের রক্ত ও ঘামে বাংলাদেশের রিজার্ভ গড়ে উঠলেও, নতজানু নীতির কারণে বিদেশের মাটিতে তাদের রক্ত ও প্রাণের কোনো মূল্য থাকছে না। আমরা অবিলম্বে এই ঘটনার পূর্ণাঙ্গ কূটনৈতিক তদন্ত এবং প্রবাসীদের জীবন ও আইনগত অধিকার সুরক্ষায় সরকারের নতজানু নীতি পরিহার করে সম্মানজনক ও যথাযথ পদক্ষেপ গ্রহণের দাবি জানাচ্ছি।”

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও

Recent Comments